প্রকাশিত: Tue, May 2, 2023 11:32 PM
আপডেট: Fri, Sep 11, 2026 11:05 AM

নিবিড় পর্যবেক্ষণ ও পরীক্ষা-নিরীক্ষা চলছে বেগম খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত

তারিক আল বান্না: কিছু শরীরিক সমস্যা ও উপসর্গের কারণে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে গত ২৯ এপ্রিল এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তিন দিন পার হলেও তার অবস্থার পরিবর্তন হয়নি বলে জানা গেছে। তিনি অধ্যাপক সাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন। 

মঙ্গলবার বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এবং চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দীন দিদার আমাদের নতুন সময়কে পৃথক ভাবে জানান, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি। তার স্বাস্থ্যগত বিভিন্ন পরীক্ষা- নিরীক্ষা চলছে। মেডিকেল বোর্ডই সিদ্ধান্ত নেবে, তিনি কতদিন হাসপাতালে থাকবেন এবং কবে বাসায় ফিরবেন।  

মেডিকেল বোর্ডের পরামর্শে গত ২৯ এপ্রিল সন্ধ্যায় খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নিয়মিত পরীক্ষা-নিরীক্ষার জন্য গুলশানের বাসা থেকে আনা হয়। পর্যবেক্ষণের সুবিধার্থে সেদিনই তাকে ভর্তি করা হয়।  

এর আগে ৩০ এপ্রিল খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ সাংবাদিকদের জানিয়েছিলেন, খালেদা জিয়ার অবস্থা প্রথম দিনের মতোই আছে। তবে যে চিকিৎসা দেওয়া হয়েছে, তাতে কিছুটা উন্নতি হয়েছে। 

৭৮ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি জটিলতা ও লিভারের সমস্যায় ভুগছেন। 

দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে খালেদা জিয়া ২০০৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যান। করোনা মহামারির প্রেক্ষাপটে ২০২০ সালের ২৫ মার্চ সরকার শর্ত সাপেক্ষে তাকে সাময়িক মুক্তি দেয়। এ পর্যন্ত ছয় দফায় খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে। তিনি কারাগার থেকে বের হওয়ার পর গুলশানের বাসভবন ফিরোজায় অবস্থান করছেন। সম্পাদনা: সালেহ্ বিপ্লব